চকবাজারের ইফতার
Chawkbazar Iftar Market
পুরান ঢাকার সবচেয়ে পুরোনো রোজার বাজার। বড় বাপের পোলায় খায় আর শাহি জিলাপির জন্য এর নাম।
রোজার মাসে প্রতিদিন দুপুর গড়াতেই চকবাজার শাহি মসজিদের আশপাশের গলিতে বসে যায় শত শত অস্থায়ী দোকান। স্থানীয়দের কথায়, এই ইফতার বাজারের শুরু ব্রিটিশ আমলে। সবচেয়ে নামকরা পদ বড় বাপের পোলায় খায়। বিশাল কড়াইয়ে ছোলা, কিমা, মগজ, ডিম, চিড়া, মসলা আর ঘি একসঙ্গে মেখে বানানো হয় এই ভারী খাবার। এ ছাড়া আছে নানা রকম কাবাব, মাংসের পদ আর বড় বড় প্যাঁচের শাহি জিলাপি। অনেক বিক্রেতা বাপ‑দাদার জায়গাতেই দোকান দিচ্ছেন, কেউ তৃতীয় প্রজন্ম।
জেনে রাখুন
বাজার বসে শুধু রমজানে। বিকেল ৩টা–৪টার মধ্যে যান, ইফতারের আগে আগে পা ফেলার জায়গা থাকে না।
